Thursday, August 13, 2015

ঘুম

ঘুমের আমি ঘুমের তুমি ঘুম দিয়ে যায় চেনা..
কত যুদ্ধই থাকত রুদ্ধ ঘুমিয়ে পড়লে সেনা ।
প্রথম রাতে ঘুম হয়নি বাড়ি ছাড়ার কান্না-
শনিবার রাতে ঘুম এল না,কাল তো বাড়ির রান্না।
তারপর থেকে রুটিন-ফাঁসে ঢুকব কখন রুমে...
মাঠের গোলটা হজম হল প্রেয়ার হলের ঘুমে !
পায়ে আমার শখের ব্যাথা,যাব না আজ পি.টি
বুকে আবছা ভয়টা নিয়েও ঘুম থেকে না উঠি...
সকালবেলার স্টাডি; সে তো ঘুমের হোমিওপ্যাথি
লাস্ট টেবিলে দাদু ঘুমায়,ফার্স্ট টেবিলে নাতি...
ভূগোল ক্লাসে ক্লান্তি আসে এরপরে গিনিপিগ,
পাশের বন্ধু ঘুমিয়ে পড়লে না ঘুমানো ঠিক??
বয়স যত বাড়ল তত কমল বাছ-বিচার..
জ্ঞানের ভাণ্ড ভরার সাথে ঘুমটাও দরকার ।
ঐ তো ছোটা খাওয়ার ব্রেকে,উফফ ব্যাগটা রেখে...
বেলটা বাজার একটু আগে বিছানাটা নেওয়া সেঁকে ।
কেউ ঢুলেছি গালে হাত রেখে,কেউ বা পিছনদিকে-
রেজাল্ট হয়েছে খিচুড়ি তবু ঘুম হয়নি ফিকে !!
আমার খাটে তোর ছেঁড়া লেপ, তোর বালিশ নেই,
একার ঘুমে একশোজনকে জায়গা দিলাম সেই...
সেই মশারি, ছিঁড়ে-টিড়ে নিয়ে মাটিতে বিপুল ঝাঁপ
ঘুমের ঘোরে হাঁটতে হাঁঁটতে হাতি-ঘোড়া-ব্যাঙ-সাপ....
বেশী ঘুমের শাস্তিতে দিন দেবেন কত জল...
জোরটা বেশী কার দেখি তো আমরা না ঐ কল!
সেল্ফ স্টাডিতে স্টাডি করেছে ঘুমায়নি কোনোদিনও
এমন কথা আনলে মুখে হাসবে স্টিভন ফিন-ও...
আজকে যখন একলা ঘরে বিরাট খাটে আমি
ছোট্ট সে গদি ফিক করে হেসে- দেয় কপালে হামি ।
দিনের শেষে সব ভুলে যেতে সবাই রাত না জেগে
ঘুমেই যখন এত মনে পড়া দেখ তো কেমন লাগে !!
অঙ্গে আমার পুরনো পুরাণ বলে রোজ সাথে রেখো ।
অজিতদা বলে- 
"
এগিয়ে যেতে বলবে তো ওরা,আগে থামতে শেখো...."


____________________________________________________

No comments:

Post a Comment

পেটে আসছে মুখে আসছে না ? লিখুন , লিখুন !!