Friday, August 14, 2015

বন্ধুত্বের দাবী

বন্ধুর সাথে ধন্যবাদটা ঠিক যায় না | একজন বন্ধু অপরের পাশে দাঁড়াবে এইটাই তো বন্ধুত্বের দাবী | আসলে আর কোনো title খুঁজে পেলাম না, ব্লগার বা লেখক বা কবি কোনটাই নই |
প্রায় দশ বছর আগের ঘটনা | আমরা তখন ক্লাস টেনে পড়ি | যোগানন্দ ভবনে থাকি, যাকে আমরা গর্বের সাথে বলতাম যোগা-বস্তি | স্টাডি হলের সময় হয়ে গেছে, কিন্তু এদিকে যে ইন্ডিয়ার খেলা হচ্ছে | কি করব? একটাই উপায় | রেডিও নিয়ে যাব | যেটা রাখা ছিল একদম নিষিদ্ধ | কিন্তু খেলার জন্য তো সেই ঝুঁকিটা নেওয়াই যায় |
যেমনি ভাবা তেমনি কাজ | মাথায় গায়ে উত্তরীয় পেঁচিয়ে নিয়ে কানেএয়ারফোন গুঁজে চললাম স্টাডি হলে | জানাদার (অশোক জানা) স্টাডি হল | রগচটা মানুষ, একটুতেই খেপে যায় | আর আমি ছিলাম একেবারে যাদের বলে ব্যাড বয় তাদের মধ্যে অন্যতম একজন | ঘাড়ের ওপর সাসপেনশনের খাঁড়া ঝুলছেই, যে কোনো সময়ে নেমে আসতে পারে |
খেলা জমে উঠেছে, টান টান উত্তেজনা | এরকম এক সময়ে হঠাত আবেগের বসে নড়ে উঠেছি আর এয়ারফোনটা রেডিও থেকে খুলে গেল | সঙ্গে সঙ্গে কমেন্ট্রি ছড়িয়ে পড়ল "অউর ইয়ে বি.এস.এন.এল. চৌকা" | পিনড্রপ সায়লেন্স |
কোনমতে রেডিওটা বন্ধ করলাম | জানাদা কাছেই ছিলেন , তাই অনুমান করতে অসুবিধা হয়নি আওয়াজটা কোথা থেকে এয়েছে | ধরা পড়লেই সাসপেন্ড , এরকম অবস্থায় উঠে এলেন সার্চ করতে |
সেদিন হয়ত ধরা পড়েই যেতাম আর সাথে সাথে নরেন্দ্রপুর লাইফের প্রথম সাসপেনশন বাঁধা, যদি না পেছন থেকে আমার এক বন্ধু ইচ্ছে করেই অকারণে জোরে জোরে হা হা করে হেসে উঠত |
জানাদা রেগে গেলেন তাকে মারতে | এই ফাঁকে জানলা গলিয়ে রেডিও সমেত এয়ারফোনটা বাইরে ফেলে দিলাম | সার্চ রেসাল্ট-এ আমার কাছে কোনো রেডিও ধরা পড়েনি | বিনা দোষে মার খেয়ে সে আমার নিশ্চিত সাসপেনশনটা আটকে দিয়েছিল | তাই এতদিন পর এই লেখাটির মাধ্যমে তাকে জানাই..
না ! থাক | বন্ধুত্বের দাবীটাই বরং বেঁচে থাকুক |
________________________________________________
দ্বৈপায়ন ঘোষ [মাধ্যমিক ২০০৬, কলেজ (Dept.- কেমিস্ট্রি) ২০১১]


No comments:

Post a Comment

পেটে আসছে মুখে আসছে না ? লিখুন , লিখুন !!